১১ বছর পর ইন্টার মিলান চ্যাম্পিয়ন
May 12, 2022
লিগ, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একের পর এক টুর্নামেন্টে শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া করে জুভেন্টাস খর্বশক্তিতে পরিণত হচ্ছিল। শেষ ভরসা ছিল কোপা ইতালিয়া। এই ট্রফি জিতে মৌসুম ভালোভাবে শেষ করতে চেয়েছিল দলটি। তবে এবার সেটিও হারাল তুরিনের বুড়িরা। ফাইনালে ইন্টার মিলানের কাছে হেরে শিরোপার স্বাদ আর পায়নি জুভেন্টাস।
কোপা ইতালিয়ার ফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ে জুভেন্টাসকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ইন্টার। ১১ বছর পর এই টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছে ক্লাবটি। ক্লাবের ইতিহাসে এটি অষ্টম কোপা ইতালিয়া শিরোপা। তাদের চেয়ে বেশি জিতেছে কেবল জুভেন্টাস ১৪ বার ও রোমা ৯ বার
রোমের অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ম্যাচের ৬ মিনিটেই নিকোলো বারেল্লার বুলেট গতির শট থেকে আসা গোলে লিড নেয় ইন্টার। পিছিয়ে পড়া জুভেন্টাস সমতায় ফিরতে মরিয়া হলেও, প্রথমার্ধে আর সেটি সম্ভব হয়নি।
দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটের মাথায় সমতায় ফিরে জুভেন্টাস। অ্যালেক্স সান্দ্রো গোল করে এগিয়ে নেন দলকে। মিনিট দুয়েক পরই ভ্লাহোভিচের গোলে ম্যাচে ২-১ গোলে লিড নেয় জুভেন্টাস। তবে এর দায়টা মূলত ইন্টার গোলরক্ষকেরই। পিছিয়ে পড়া ইন্টার পরবর্তীতে দারুণভাবে ঘুরে দাঁড়ায়।
লাউতারো মার্টিনেজকে জুভেন্টাসের ডি লিখট ও লিওনার্দো বোনুচ্চি মিলে ডি বক্সের ভেতর ফাউল করলে পেনাল্টি পায় ইন্টার।৮০তম মিনিটে স্পট কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান কানহানোগ্লু। নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা থাকলে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটের সময়ে।
আর সেখানেই বাজিমাত করে ইন্টার মিলান। ৯৯তম মিনিটে আরও একটি ফাউলের কারণে পেনাল্টি পায় ইন্টার। এবারও ফাউল করেন জুভেন্টাসের ডাচ ডিফেন্ডার ডি লিখট। আর সেখান থেকে গোল করেন ইভান পেরিসিচ। মিনিট তিনেক পর এই পেরিসিচই ব্যবধান বাড়ান। জুভদের জালে হালি পূরণ করার পাশাপাশি শেষ পেরেক ঠুকে দেন।
শেষ পর্যন্ত ৪-২ গোলের দুর্দান্ত জয়ে চ্যাম্পিয়ন হয়ে ট্রফি নিশ্চিত করে ইন্টার। এই নিয়ে কোপা ইতালিয়ার ফাইনালে তিন বার মুখোমুখি হলো ইন্টার মিলান ও জুভেন্টাস। আগের দুই বার জুভেন্টাস জিতলেও, এবার কিছুটা প্রতিশোধ নিল ইন্টার মিলান।


0 Comments