জো বাইডেন চীনকে সরাসরি হুমকি দিয়ে বলেছেন- তাইওয়ান প্রশ্নে 'বিপদ নিয়ে খেলছে''
5/23/2022
আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ার করে দিয়েছেন যে, তাইওয়ানের ব্যাপারে চীন "বিপদ নিয়ে খেলছে"। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন চীন তাইওয়ান আক্রমণ করলে দ্বীপটি রক্ষার জন্য আমেরিকা সামরিকভাবে হস্তক্ষেপ করবে।
ওই এলাকায় দীর্ঘদিন ধরে আমেরিকা যে নীতি অনুসরণ করে আসছিল, মি.বাইডেনের এই মন্তব্য তার বিপরীত। যদিও হোয়াইট হাউস জোর দিয়ে বলছে তারা তাদের নীতি থেকে সরে আসেনি।
জাপানে মি. বাইডেন তার বক্তব্যে তাইওয়ান পরিস্থিতির সাথে ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার তুলনা টানেন, যার উত্তরে বেইজিং ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
আমেরিকার প্রেসিডেন্ট হবার পর জো বাইডেন প্রথমবারের মত এশিয়ার বিভিন্ন দেশ সফর করছেন। তিনি ওই অঞ্চলে আমেরিকার মিত্র দেশগুলো সফর করছেন।
মি. বাইডেন তার বক্তব্যের ভূমিকায় বলেন তাইওয়ানের ব্যাপারে আমেরিকান নীতি "বদলায়নি"। তবে সাম্প্রতিক কয়েকমাসে এই নিয়ে তিনি দ্বিতীয়বার দ্ব্যর্থহীন ভাষায় বললেন যে চীন তাইওয়ান আক্রমণ করলে আমেরিকা তাইওয়ানকে প্রতিরক্ষা দেবে। টোকিওতে এই হুমকি যেভাবে তিনি পুনর্ব্যক্ত করেছেন তাতে এটাকে আমেরিকার সুর পরিবর্তন বলেই দেখা হচ্ছে।
এধরনের পরিস্থিতির উদ্ভব হলে আমেরিকা কী অবস্থান নেবে সে বিষয়ে আমেরিকা আগে কখনই এতটা স্পষ্ট বক্তব্য দেয়নি।
চীনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
চীন মনে করে তাইওয়ান তাদের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি প্রদেশ এবং মূল ভূখণ্ডের সাথে তাদের আবার সংযুক্ত হওয়া উচিত।
বেইজিং-এর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন জোর দিয়ে বলেছেন: "তাইওয়ান চীনের মূল ভূখণ্ডের একটা অবিচ্ছেদ্য অংশ...সেখানে কোনরকম আপোষ বা ছাড়ের সুযোগ নেই।"
"তাইওয়ান এবং ইউক্রেনের মধ্যে মৌলিকভাবে তফাৎ রয়েছে। এই দুই দেশের মধ্যে তুলনা টানা উদ্ভট। আমরা আবার আমেরিকার প্রতি অনুরোধ জানাব আমেরিকা যেন এক-চীন নীতি মেনে চলে।"
আমেরিকার সাথে তাইওয়ানের কোন আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগ নেই। কিন্তু আমেরিকা তাইওয়ানের সাথে সম্পর্ক বিষয়ক এক ধারার অধীনে দেশটিকে অস্ত্র বিক্রি করে। তাইওয়ান রিলেশনস অ্যাক্ট নামে এই ধারায় বলা আছে যে তাইওয়ান যাতে নিজেকে রক্ষা করতে পারে তার জন্য আমেরিকা দ্বীপটিকে সহযোগিতা করবে।
আমেরিকা পাশপাশি চীনের সাথেও আনুষ্ঠানিক সম্পর্ক বজায় রাখছে এবং চীনের সরকার যে একটাই, এ বিষয়ে চীনের অবস্থানকে আমেরিকা কূটনৈতিকভাবে স্বীকৃতিও দিয়ে থাকে।
মি. বাইডেন কী বলছেন- এবং কেন তা গুরুত্বপূর্ণ?
মি. বাইডেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিডার সঙ্গে টোকিওতে এক যৌথ সংবাদ সম্মেলনে যখন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তখন একজন তাকে তাইওয়ানের প্রতিরক্ষা বিষয়ে প্রশ্ন করেন।
মার্কিন প্রেসিডেন্ট উত্তরের শুরুতেই চীন-তাইওয়ান সম্পর্কের সাথে ইউক্রেনের ওপর রুশ হামলার যোগাযোগ টানেন।
শেষ পর্যন্ত যদি ইউক্রেন এবং রাশিয়ার ব্যাপারে একটা মীমাংসা হয়ে যায় এবং রাশিয়া যদি নিষেধাজ্ঞার চাপ সামাল দিতে না পারে, "সেটা থেকে চীন কি ইঙ্গিত পাচ্ছে জোর করে তাইওয়ান দখল করলে তার কী মূল্য চীনকে দিতে হবে?" তিনি প্রশ্ন রাখেন।
"চীন তাইওয়ানের একেবারে কান ঘেঁষে জঙ্গী বিমান উড়িয়ে এবং অন্যান্য সামরিক কর্মকাণ্ড চালিয়ে ইতোমধ্যেই বিপদ নিয়ে খেলছে," বলেন মি. বাইডেন। এ প্রসঙ্গে তাইওয়ানের স্বঘোষিত বিমান প্রতিরক্ষা এলাকায় চীনা জঙ্গী বিমানের ঢুকে পড়ার ঘটনা বৃদ্ধির উল্লেখ তিনি করেন।

0 Comments